তিউনিসিয়ার ইসলামপন্থী আন নাহদা পার্টির নেতা ও কারাবন্দী সাবেক স্পিকার রশিদ ঘানুসির ছেলে বারা আল ঘানুসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীতে তাদের মধ্যে এ আকস্মিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সিবগাতুল্লাহ সিবগা জানান, সাক্ষাৎকালে আগামীর বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দুজনের মধ্যে গভীর আলোচনা হয়। এ উপলক্ষে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাক্ষাতের কয়েকটি ছবি শেয়ার করেন।


ফেসবুক পোস্টে তিনি লেখেন, রশিদ ঘানুসির ছেলে বারা আল-ঘানুসির সঙ্গে একটি আকস্মিক সাক্ষাৎ গভীর আলোচনায় রূপ নেয়। তিনি আরও উল্লেখ করেন, আরব বসন্তের পর তিউনিসিয়ায় ক্ষমতায় আসা রশিদ ঘানুসি আজও কারাগারের প্রাচীরের আড়াল থেকে আশাবাদ ছড়িয়ে দিচ্ছেন। হার বা জয়ের যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখার কথাও তিনি পোস্টে উল্লেখ করেন।


শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বারা আল ঘানুসিকে সংগঠনটির প্রকাশিত ২০২৬ সালের একটি ডায়েরি উপহার দেওয়া হচ্ছে। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন। তবে ছবিতে থাকা অন্য দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


উল্লেখ্য, আরব বসন্তের পর তিউনিসিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আন নাহদা পার্টির নেতা রশিদ ঘানুসি। তার নেতৃত্বে দলটি সরকার গঠন করে এবং তিনি দেশটির জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০২১ সালে তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কায়েস সাঈদ আন নাহদা নেতৃত্বাধীন পার্লামেন্ট ভেঙে দিয়ে নিজেকে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ঘোষণা করেন। কায়েস সাঈদের এ সিদ্ধান্তের কঠোর সমালোচক ছিলেন রশিদ ঘানুসি। পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিল মাসে তাকে গ্রেপ্তার করা হয়।